নিকলী হাওরে গোসল করতে নেমে গাজীপুরের পর্যটক নিখোঁজ

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে গাজীপুরের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু (২৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। কাঁঠালিয়া এলাকায় পৌঁছানোর পর তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল ইসলাম পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা নেমে আসায় শুক্রবারের মতো অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে জানান ওসি মাহবুবুর রহমান।