শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জানুয়ারি মাস থেকেই এ অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল |নয়া দিগন্ত

মাঘের শেষ প্রান্তে এসে শীতের দাপট বেড়েছে দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপমাত্রা কমে যাওয়ায় সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলায় দিনে শীতের তীব্রতা কিছুটা কমে আসে। তবে সন্ধ্যার পর থেকে হাড়কাঁপানো শীতে মানুষ ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছেন।

এদিকে দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় বাতাসে ধুলোকণার পরিমাণ বেড়ে গেছে। ফলে ঠান্ডাজনিত রোগ সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বয়স্করা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জানুয়ারি মাস থেকেই এ অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে।