কুমিল্লার নাঙ্গলকোটে যুবকের ছুরিকাঘাতে ব্যাংক এশিয়ার এক নারী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারের ব্যাংক এশিয়ার একটি অ্যাজেন্ট কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।
আহত নারী কর্মকর্তার নাম রাশেদা আক্তার লাকী আক্তার। তিনি উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাতাবাড়ীয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। এলাকাবাসী ধারালো চোরাসহ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থাপিত ব্যাংক এশিয়ার অ্যাজেন্ট কার্যালয়ে রাশেদা একাকি দুপুরের আহার সেরে নিজ টেবিলে কাজ করতে পেছন থেকে সামনে আসছিলেন। এ সময় পূর্ব থেতে ওত পেতে থাকা আশরাফুল ইসলাম নামক এক যুবক ব্যাংকের ভেতরে তাকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে।
লাকীর আর্তচিৎকারে পাশের লোকজন এসে একটি ধারালো ছোরাসহ আশরাফুলকে আটক করে। গুরুতর আহত অবস্থায় লাকীকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ছুরিকাঘাতকারী যুবকের নাম আশ্রাফুল ইসলাম। তার বাড়ী বগুড়া জেলায়। সে উপজেলার একই ইউনিয়নের মন্নারা বাজারে আশরাফুল ফার্ণিচার মার্ট দোকানের মালিক।
আশরাফুল জানায়, গত সপ্তাহে সে লেনদেন করার জন্য ব্যাংকে আসে। সময় শেষ হয়ে যাওয়ায় এ নারী কর্মকর্তা ওর সাথে লেনদেন করেননি। এতে সে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ হিসাবে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রাশেদা আক্তার লাকীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্বজনরা।
ব্যাংকের মালিক আবদুল আলী সুমন জানান, থানা পুলিশকে সি সি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেয়া হয়েছে। নারী কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



