নাটোরের লালপুরে একই রাতে একটি গ্রামের মসজিদ, মাজারসহ প্রবাসীর বাড়িতে ও গরীব ভ্যান চালকের একমাত্র ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন স্থানে তল্লাশি করে এবং ঘরের জিনিসপত্র তছনছ করে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার বুধপাড়া জোতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ডেবরপাড়া মাজার শরীফ জামে মসজিদ, হজরত শাহ আলমের মাজার ও এর নিকটবর্তী প্রবাসী মোজাম্মেল শেখের বাড়িসহ দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালঙ্কার, বাসনপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় প্রবাসী মোজাম্মেল শেখ মোজামের বাড়িতে কোনো সদস্য না থাকায় ঘরের পাঁচটি তালা ভেঙে তিন ভরি স্বর্ণালঙ্কার, ১০ ভরি রূপা, কাঁসার বাসনপত্র ও নগদ ছয় হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে দুর্বৃত্তরা।
এছাড়া এ সময় একই গ্রামে অবস্থিত হযরত শাহ আলম (রহ:) মাজারের সাতটি তালা ভেঙে মাজারের বাক্সে রক্ষিত প্রায় ১০ হাজার টাকা, মাজার সংলগ্ন মসজিদের তালা ভেঙে সোলারের ব্যাটারি এবং স্থানীয় ইনতাজ খাঁর ছেলে বিপ্লব খাঁর ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পৃথক ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে সোমবার সকালে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।



