লক্ষ্মীপুরে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার লুটপাট, গ্রেফতার ৫

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতি, পাঁচজনকে গ্রেফতার
গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতি, পাঁচজনকে গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের বড় একটি অংশ ২৬ লাখ টাকা সমমূল্যের সোনা ও নগদ তিন লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে ডাকাতিতে সরাসরি অংশ নেয়া দু’জন ও লুণ্ঠিত সোনা কেনা-বেচার সাথে জড়িত তিনজন স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন।

পুলিশ জানায়, গত ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের একটি একতলা ভবনে সাত-আটজনের একটি ডাকাতদল হানা দেয়। ডাকাতরা গৃহকর্তাকে জিম্মি করে বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও একটি মোবাইলফোন লুটে নেয়। যার মোট বাজারমূল্য ছিল প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকা।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো: আবু তারেকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উন্মোচন ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযানে ডাকাতিতে জড়িত মূল অভিযুক্ত মো: খোরশেদ আলম (৪০) ও শাহাদাত হোসেন মোহনকে (২৭) গ্রেফতার করা হয়। খোরশেদের বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা ও দুই ভরি ১০ আনা সোনা এবং মোহনের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুণ্ঠিত সোনা কেনার অভিযোগে তিন স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— শুভ কর্মকার (৩০), অরূপ রায় (৩০) ও স্বরূপ রায় (২৬)। তাদের দোকান থেকে আরো প্রায় ৭ ভরি সোনা উদ্ধার করা হয়।

পুলিশের দেয়া তথ্যমতে, অভিযানে সর্বমোট ১০ ভরি ৫ আনা ৩ রতি সোনা উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (পিপিএম-সেবা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য ডাকাতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।