মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে বন্না আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলা ও হাত কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের আপন মামা সোহেলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্বামী মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেন। এর আগে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বন্না আক্তার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বাসিন্দা সুমন মিয়ার স্ত্রী।
স্বজনরা জানায়, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় বন্নার। সংসার স্বাভাবিক চললেও সম্প্রতি কিছু পারিবারিক বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা বাইরে গেলে তিনি বাড়িতে একা ছিলেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী সুমন মিয়া বলেন, ‘এটি হত্যা হলে জড়িতদের বিচার চাই। আত্মহত্যা হলে আমার কোনো অভিযোগ নেই।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।



