পবিত্র রমজান মাসে মানবতার সেবায় এগিয়ে এসেছে ঝালকাঠির স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। সংগঠনটি রমজানের শুরু থেকেই শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন দুস্থ, অসহায়, পথশিশু, বেদে পল্লীর বাসিন্দা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা শুরু করছে।
প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াস। এরই ধারাবাহিকতায় এ রমজানেও মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার তুলে দিচ্ছেন।
ইয়াসের সভাপতি আবির হোসেন রানা বলেন, ‘আমরা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে নিয়মিতভাবে দাঁড়াতে চাই। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কার্যক্রম শুধু ইফতার বিতরণে সীমাবদ্ধ নয়। আমরা বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রশিক্ষণের মতো বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছি। সাইবার হামলা রোধে সাইবার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছি। পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ঈদের রঙিন হাসি শীর্ষক বিশেষ প্রকল্পের মাধ্যমে ঈদ বস্ত্র বিতরণ ও শিশুদের জন্য মেহেদি উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে।’
যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাব্বির হোসেন রানা বলেন, ‘রমজানের পুরো মাস আমরা রাস্তায় ঘুরে রোজাদারের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রমে সমাজের নিম্ন ও বিত্তবান ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা অনুদান দিয়ে সহযোগিতা করছেন। প্রতিটি রোজাদারের ইফতারের জন্য সর্বনিম্ন ৬০ টাকা অনুদান দেয় যায়। অনুদান বাড়লে আমরা প্রতিদিন আরো বেশি মানুষের মাঝে ইফতার পৌঁছে দিতে পারবো। পুরো রমজান মাস এ কার্যক্রম চালু রাখাই আমাদের লক্ষ্য।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নিতে বা সহযোগিতা করতে আগ্রহীরা বিকাশ ও নগদ থেকে ০১৭৪০২০৬৪১০ নম্বরে সেন্ড মানির মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৫৯৫১৭০১৮ নম্বরে অথবা ইয়াসের ফেসবুক পেজে যোগাযোগ করা যাবে।



