ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিষখালী নদী তীরবর্তী ২২ কিলোমিটার এলাকা ভাঙনরোধে দুই হাজার টাকা বরাদ্দ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। ভাঙনের মুখে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও ফসলি জমি রক্ষায় এ বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে বড়ইয়া কলেজ সংলগ্ন এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে এমপি রফিকুল ইসলাম জামাল জিও ব্যাগ ফেলে ভাঙনরোধ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মকবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীও আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। রাজাপুরের বড়ইয়া এলাকায় বিষখালী নদী তীরে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা, ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। এসব এলাকায় রক্ষার জন্য ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে দুইহাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দ থেকে ২২ কিলোমিটার নদী তীর ভাঙন রোধে ও টেকসই বেড়ি বাঁধ দেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা বলেন, ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষয়খালী নদীর ২২ কিলোমিটার ভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয় দুই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমরা ইতোমধ্যে সেই কাজ শুরু করেছি।



