যশোর অফিস
যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে এক কোটি ৪১ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ সুমন মণ্ডল (৩২) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সুমন মন্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে।
বিজিবি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল নীলগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় সুমনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার শরীরে তল্লাশি চালানো হয়।
তিনি জানান, তল্লাশিকালে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার পাওয়া যায়। বারগুলোর ওজন ৬৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮শ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনসহ নগদ নয় হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।



