আলোকচিত্রী আহমেদ রাসেলের পোর্টফোলিও ডিস্টিঙ্কশন অর্জন

চট্টগ্রামের আলোকচিত্রী আহমেদ রাসেলের প্রথম ফটোগ্রাফিক পোর্টফোলিও ‘ফেসেস অব মেটাল’ আন্তর্জাতিক ফটোগ্রাফি সংস্থা এফআইএপি (FIAP)-এর প্রবর্তিত প্রথম পোর্টফোলিও ডিস্টিঙ্কশন পিফিয়াপ (P-FIAP) ২০২৬/১ এর জন্য নির্বাচিত হয়েছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আলোকচিত্রী আহমেদ রাসেল
আলোকচিত্রী আহমেদ রাসেল |নয়া দিগন্ত

চট্টগ্রামের আলোকচিত্রী আহমেদ রাসেলের প্রথম ফটোগ্রাফিক পোর্টফোলিও ‘ফেসেস অব মেটাল’ আন্তর্জাতিক ফটোগ্রাফি সংস্থা এফআইএপি (FIAP)-এর প্রবর্তিত প্রথম পোর্টফোলিও ডিস্টিঙ্কশন পিফিয়াপ (P-FIAP) ২০২৬/১ এর জন্য নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ থেকে এই প্রক্রিয়ায় আবেদনকারী একমাত্র আলোকচিত্রী ছিলেন তিনি।

এই স্বীকৃতি তার ফটোগ্রাফির যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। আহমেদ রাসেল চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে পোর্ট্রেট ও শিল্পভিত্তিক আলোকচিত্রে কাজ করে আসছেন। তার এই অর্জন ফটোগ্রাফি অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

‘ফেসেস অব মেটাল’ শীর্ষক পোর্টফোলিওটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ব্যস্ত ডকইয়ার্ডের শ্রমিকদের জীবনকে কেন্দ্র করে তৈরি। সেখানে পুরাতন লঞ্চ ও বিভিন্ন জলযান মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের কঠোর পরিশ্রম, সংগ্রাম ও বাস্তব জীবনচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

ডকইয়ার্ডের এসব শ্রমিকের হাত, শরীর ও সময় সবসময় ভারী লোহার সাথে জড়িয়ে থাকে। আগুনের তাপ, ঝলসানো স্ফুলিঙ্গ ও তীব্র আলো থেকে নিজেদের রক্ষা করতে তারা ভারী পোশাক ও গাঢ় চশমা ব্যবহার করেন। দীর্ঘদিনের শ্রম ও সংগ্রাম তাদের মুখে তৈরি করেছে দৃঢ়তা ও স্থিতিস্থাপকতার ছাপ-যেখানে হাসি কম, কিন্তু লোহার মতো অদম্য দৃঢ়তা স্পষ্ট।

আলোকচিত্রী আহমেদ রাসেলের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের ফটোগ্রাফি অঙ্গনের জন্যও গর্বের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।