পাকুন্দিয়ায় অগ্রণী ব্যাংক থেকে গ্রাহকের উধাও হওয়া টাকা ফেরত পেলেন

দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় (১৬ মার্চের সপ্তম পৃষ্ঠায়) এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের জেরে একই দিনে অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করে টাকার খোঁজ পান।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
ভুক্তভোগী নারী সুফিয়া খাতুনকে টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে
ভুক্তভোগী নারী সুফিয়া খাতুনকে টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

অগ্রণী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া শাখায় সুফিয়া খাতুন (৬০) নামে এক বয়স্ক নারী গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে, অথচ ওই নারী এর কোনো কিছুই জানেন না। দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় (১৬ মার্চের সপ্তম পৃষ্ঠায়) এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের জেরে একই দিনে অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করে টাকার খোঁজ পান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ভুক্তভোগী নারী সুফিয়া খাতুনের হাতে নগদ ৯০ হাজার টাকা বুঝিয়ে দেন। এ সময় ওই নারীর ভাই আলফান, মামাতো ভাই আশ্রাফুল ইসলাম সোহেল, ছেলের স্ত্রী ইসরাত জাহান পপিসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারীসহ তার পরিবারের সদস্যরা। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের মরহুম ছাত্তার মিয়ার স্ত্রী।

এ ব্যাপারে অগ্রণী ব্যাংক (পিএলসি) পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক মো: সাইফুল আলম জানান, ঈদুল ফিতরকে কেন্দ্র করে ব্যাংকটিতে গ্রাহকদের প্রচণ্ড চাপ থাকায় ভুলবশত একজন গ্রাহকের ৯০ হাজার টাকা অন্য একটি অ্যাকাউন্টে চলে যায়। অনুসন্ধানে এ তথ্য খুঁজে পাওয়ায় ভুক্তভোগী নারীকে টাকা ফেরত দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ সুফিয়া খাতুন মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। অথচ এর কোনো কিছুই তিনি জানেন না। পরদিন তিনি ব্যাংকে এসে এর কারণ জানতে চান। ব্যাংক ম্যানেজার দেখেন একটি চেকের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে।