বরিশালের উজিরপুরে বাস খাদে পড়ে ইতি চক্রবর্তী (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী-মেয়েসহ আহত হয়েছেন তিনজন।
রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ও বাটাজোড়ের মাঝখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
এ দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০) ও তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরুপকাঠি উপজেলার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাসের সামনের একটি চাকা নষ্ট হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে খাদে পড়ে।’
তিনি আরো বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ‘আহতদের মধ্যে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান।’



