বিমান মন্ত্রী রিতা

সকল দুর্নীতি নির্মূল করে বিমান ও পর্যটনকে গতিশীল করা হবে

সব বিভাগের সবাইকে সততা ও দক্ষতা নিয়ে কাজ করতে হবে। মানুষের খুব বেশি চাহিদা নেই। শুধু তাদের অধিকারটুকু তাদের দিতে হবে।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মতবিনিময় সভায় কথা বলছেন বিমান মন্ত্রী রিতা
মতবিনিময় সভায় কথা বলছেন বিমান মন্ত্রী রিতা |নয়া দিগন্ত

মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বেসরকারি বিমান ও পর্যটন খাতে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। যে কোনো মূল্যে দুর্নীতি মুক্ত করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন খাতকে গতিশীল করা হবে। জনগণের সাথে করা প্রতিটি কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সর্বাত্মকভাবে কাজ করে যাবে।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সকালে গার্ড অব অনার গ্রহণের পর সাংবাদিক ও আইনজীবীদের সাথে আলাপ শেষে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে জেলা দফতর প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় রিতা বলেন, ‘সব বিভাগের সবাইকে সততা ও দক্ষতা নিয়ে কাজ করতে হবে। মানুষের খুব বেশি চাহিদা নেই। শুধু তাদের অধিকারটুকু তাদের দিতে হবে। অল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কাজগুলো নির্দিষ্ট করে আমাকে প্রকল্প দেবেন। আমি আপনাদের নিয়ে উন্নয়ন কাজগুলো করব।’

তিনি কর্মকর্তাদের বলেন, ‘আপনাদের নিকট এসে কেউ যেন হয়রানি না হয়। আমরা মানুষের খেদমত করার জন্যেই দায়িত্ব নিয়েছি। কেউ অন্যায় করলে, চাঁদাবাজি করলে, সন্ত্রাস করলে কঠোরভাবে দমন করতে হবে। যদি আমার দলেরও হয়, তাকেও ছাড় দেয়া যাবে না। যে কোনো মূল্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

মানিকগঞ্জে গ্যাসের চাহিদা পূরণে তিনি কাজ করার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ১৮০ দিনের যে বিশেষ কাজগুলো করবেন, ঠিক আমরাও জেলায় তেমনি এই সময়ে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব।’

পরে তিনি তার বাবা সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নু ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের মাজার জিয়ারত করবেন। এরপর তিনি তার মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ডস্থ জনসংযোগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন।