সিলেটের জৈন্তাপুর উপজেলায় ধানক্ষেত থেকে শাহাদাৎ (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দ্রী হাওর এলাকার একটি বিলের পাশে ধানক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শাহাদাৎ উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেন্দ্রী হাওর এলাকার একটি বিলের পাশে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাশটি শাহাদাতের বলে শনাক্ত করেন।
লাশের পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট ও সবুজ রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো রঙের ক্রসবেল্ট ব্যাগ ছিল। সাথে তিনটি মোবাইল ও মাথার সামনে একটি বাঁশের লাঠি পড়ে থাকতে দেখা যায়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ জড়িত তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



