লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মগলীবাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নজরদারি চালানোর সময় একটি ভারতীয় ড্রোন আছড়ে পড়েছে। এতে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মগলীবাড়ি সীমান্তের ৮৪১ মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে বাংলাদেশের প্রায় ১০ গজ অভ্যন্তরে একটি ভারতীয় ড্রোন বিকট শব্দে একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে। ওই সময় এক ব্যক্তি ক্ষেতে কাজ করছিলেন। তার মাথার ওপর দিয়ে ড্রোনটি উড়ে যাওয়ার সময় যান্ত্রিক ক্রটি দেখা দিলে একপর্যায়ে ক্ষেতে আছড়ে পড়ে। পরে তিনি বিষয়টি বুড়িমারী বিজিবিকে জানালে তারা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তের ওপারে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ভারতের হিমালয় ক্যাম্প রয়েছে। আছড়ে পড়া ড্রোনটি তাদেরই বলে সীমান্তের একটি সূত্র জানায়।
ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে কেন প্রবেশ করলো, সেটি দিয়ে দেশের অভ্যন্তরে নজরদারি, কোনো বিষয় রেকর্ড বা ভিডিও করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় সীমান্তের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ড্রোনটি উদ্ধারে বিএসএফ তৎপরতা চালাচ্ছে।
সীমান্ত সূত্র জানায়, উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ড্রোন দিয়ে প্রায়ই সীমান্তে নজরদারি চালায়, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
তিস্তা ৬১ বিজিবি ব্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে বলেন, এ ঘটনা দুপুর ১২টা ৫৫ মিনিটে ঘটে। আমরা সেটি (ড্রোন) উদ্ধার করে ক্যাম্পে নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।



