বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া চরে নিউজিল্যান্ডের পর্যটক বহনকারী বোটে দুষ্কৃতিকারীর আক্রমণ, কোস্টগার্ডের তাৎক্ষণিক অভিযানে অল্পের জন্য রক্ষা পেল নিউজিল্যান্ডের পর্যটকগণ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক Mr. John Edward Pudney এবং তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আগমন করেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট/ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ গ্রহণ করে।
বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে এবং গত ১ মার্চ প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা প্রদান করেন।
একইসাথে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় ৮ এপ্রিল তারিখ রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং দক্ষতার সাথে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সাথে সমন্বয় কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার পরবর্তী সময়ে Mr. John Edward Pudney বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন।



