মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগান থেকে রতন শুভ কর (২৮) নামে এক যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় বাগানের বড় লাইন সেকশন থেকে লাশটি উদ্ধার করা হয়। নির্বাচনের আগের দিন এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিহত রতন শুভ কর ওই বাগানের চা শ্রমিক শুকতা শুভকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চা শ্রমিকরা বড় লাইন সেকশনে এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই লক্ষীন ধর বলেন, ‘গতকাল রাত থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে খবর পাই বড় লাইন এলাকায় তার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত লাশ পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে আমরা তার লাশ শনাক্ত করি। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক চা শ্রমিক জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রতন শুভ করকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে কানাগোচা চলছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বাগান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



