পাওনা টাকা নিয়ে নাসিরনগরে সংঘর্ষ, আহত ৩০

বুধবার (০৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Nasirnagar
নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়
নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (০৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরস মিয়ার সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে তা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।

দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।