বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা গ্রহণ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নে ভুল এবং প্রশ্নের মান অস্বাভাবিকভাবে কঠিন হওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলতি এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুল ছিল। একই সঙ্গে প্রশ্নের মান ছিল অস্বাভাবিকভাবে কঠিন, যা পাঠ্যক্রম ও শ্রেণিকক্ষের পাঠদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত শিক্ষা বা প্রস্তুতির সুযোগ না দিয়েই সে অনুযায়ী পরীক্ষা নেয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, দুই বছর একটি পদ্ধতিতে পড়াশোনা করলেও পরীক্ষা নেওয়া হয়েছে ভিন্ন পদ্ধতিতে। আগে শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন করে পরে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ‘ছিনিমিনি খেলা’ বন্ধের আহ্বান জানিয়ে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ, ইউনাইটেড কলেজসহ অন্তত ৮ থেকে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুহিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাসিন আরাফাত, প্রত্যয় মিনহাজ, ফাহাদ, ইয়াদসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভকারীরা "দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই", "তুমি কে, আমি কে—পোলট্রি ফার্মের মুরগি" এবং "আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম"সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ত্রুটি ছিল এবং অধিকাংশ প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানের মতো কঠিন ছিল। এছাড়া বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি, কেউ কেউ পথে দুর্ঘটনার শিকার হয়েছেন এবং অনেকের প্রবেশপত্র বৃষ্টিতে নষ্ট হয়েছে। এসব বিষয়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।



