নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার লাশ উদ্ধার

স্থানীয় লোকজন খুঁজে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারাও ব্যর্থ হলে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৭০ বছরের বৃদ্ধা মোসা: জমেলা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে, একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে বারনই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ওই বৃদ্ধা।

নিহত বৃদ্ধা মোসা: জমেলা বেগম নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে বৃদ্ধা জমেলা বেগম নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়িতে না আসায় স্বজনরা তাকে খুঁজতে নদীর ঘাটে যায়। সেখানে তাকে না পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজ করতে থাকে।

স্থানীয় লোকজন খুঁজে না পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারাও ব্যর্থ হলে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজনসহ রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: মাসুদ রানা বলেন, নদীতে অতিরিক্ত স্রোত হওয়ার কারণেই গোসল করতে গিয়ে তলিয়ে যায় বৃদ্ধা। নলডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন ও রাজশাহী থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে লাশ উদ্ধার করে। উদ্ধার শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।