দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকারের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়মের প্রতিবাদে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এই কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড় ১১টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলসহকারে বিক্ষোভকারীরা প্রথমে উপজেলা পরিষদের প্রবেশ ফটক সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর ইউএনও কার্যালয়ের সামনে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিকালে বিক্ষোভ মিছিল থেকে তারা দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারকে ফ্যাসিবাদের দালাল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের পুনর্বাসনের কাজে জড়িত থাকার অভিযোগ করেন। তা ছাড়া সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়মের বিষয়ে লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় বিক্ষোভকারী ছাত্রদল নেতারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকারের অপসারণ দাবি করেন। পাশাপাশি বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের তালিকা থেকে অবিলম্বে নাম বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন ছাত্রদলের নেতারা।
বেলা দেড়টায় উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী ও পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ উপস্থিত হলে বিক্ষোভকারীরা ইউএনও অফিসের প্রধান ফটকে অবস্থান নিয়ে অবরুদ্ধ করার ঘোষণা দেয়। বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচির সময় ইউএনও সনজিব সরকার উপজেলা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় নিজ কার্যালয়ে উপস্থিত ছিলেন। দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
বিকাল ২টায় অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দিরাই পয়েন্টে এসে জুতো প্রদর্শন করতে দেখা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, ‘ফ্যামিলি কার্ড শুমারির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়মের বিষয়ে ছাত্রদলের নেতারা একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তাদের বলা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও তারা কেন বিক্ষোভ মিছিল করছে তা আমার জানা নেই।’



