গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে দেশব্যাপী ঘোষিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কয়রা বাজারের জামায়াত মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে মধুর মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রশিবিরের নেতাকর্মীসহ শত শত ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
ছাত্রশিবিরের কয়রা সাথী শাখার সভাপতি এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় ও খুলনা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ অয়েসকুরুনীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিপ্লবকে নস্যাৎ করার যেকোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে।’
তিনি বলেন, ‘গণভোটের ম্যান্ডেট ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও স্থিতিশীলতা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারো জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি স ম আব্দুল্লাহ আল মামুন, জি এম মোনায়েম বিল্লাহ, আবু জার গিফারী, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা সুজাউদ্দীন প্রমুখ।



