কর্ণফুলীতে আগুনে পুড়ে গেছে ৪ বসতঘর

উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ডস্থ দিঘীরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
আগুনে পুড়ে যাওয়া বসতঘর
আগুনে পুড়ে যাওয়া বসতঘর |নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলীতে রাস্তায় ঝুলানো ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুন লেগে পুড়ে গেছে একই পরিবারের চারটি বসতঘর।

শনিবার (২৩ মে) ভোর সাড়ে ৪টার দিকে ওই উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ডস্থ দিঘীরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন রমজান আলী টিটু, আব্দুস সাত্তার, আবদুল মাবুদ এবং তাদের চাচা আবদুল আমিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, কাপড়চোপড়সহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে পূর্বে একাধিকবার কর্ণফুলী পল্লী বিদ্যুৎ অফিসকে অবগত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

তাদের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণেই এ ধরনের ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।

আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ডাঙ্গাচর ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহাবুদ্দিন বলেন, ‘রাস্তায় ঝুলানো ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে এই ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পূর্বে ‘কর্ণফুলী পল্লী বিদ্যুৎ’ কর্তৃপক্ষকে জানানো হলে তারা কোনো সমস্যা হবে না বলে চালিয়ে যেতে বলেন।’

কর্ণফুলী পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম শাহাদাত হোসেন বলেন, ‘রাস্তায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনের বিষয়ে আমাকে পূর্বে কেউ জানায়নি। তবে, আমি জেনেছি তাদের ঘরের বিদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও বিদ্যুৎ লাইনের ঝুঁকি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।