ভাঙ্গায় পার্কিং নিয়ে বিরোধ, প্রকাশ্যে গুলি ছুড়ে যুবক পলাতক

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে একপর্যায়ে প্রাইভেটকারের চালকের সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে ওই যুবক গাড়ি থেকে বের হয়ে প্রকাশ্যে সিনেমার দৃশ্যের মতো এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে একটি প্রাইভেটকার থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর ওই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সোমবার (১৭ আগস্ট) রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, গাড়ি পার্কিং নিয়ে একপর্যায়ে প্রাইভেটকারের চালকের সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে ওই যুবক গাড়ি থেকে বের হয়ে প্রকাশ্যে সিনেমার দৃশ্যের মতো এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে মহাসড়ক ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, গুলি ছোড়া ওই যুবক নিজেকে গোপালগঞ্জের একজন কমিশনারের ভাগ্নে বলে পরিচয় দেন। তবে তার এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ভয়াবহ আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসী বলছেন, প্রকাশ্যে এভাবে গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত অভিযুক্ত যুবককে শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের বক্তব্য জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।