বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাবুল হোসেন (৬০) নামে এক ব্যাটারিচালিত অটেরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত অটোরিকশাটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খানপুর ইউনিয়নের নয়ানী খোশালপুর পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাবুল হোসেন বিরামপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের কছির উদ্দিন মন্ডলের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুল হোসেন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরেননি তিনি। বৃহস্পতিবার সকালে ধান রোপন করার জন্য কৃষি শ্রমিকরা নয়ানী খোশালপুর পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাবুল হোসেনের অটোরিকশা ভাড়া করে যাত্রী সেজে ওই এলাকায় নিয়ে যায়। রাতের কোনো এক সময় বাবুল হোসেনকে তারা শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



