ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মাসেতুতে যানবাহনের চাপ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও গত ২৪ ঘণ্টায় টোল আদায় করা হয়েছে তিন কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।এ সময় যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ১১১টি।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা উভয়প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৯ হাজার ১১১টি। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে তিন কোটি ৭৬ লাখ ৩৬ হাজার টাকা।
আগের দিন বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা উভয়প্রান্ত দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ২৪ হাজার ১৮৭টি। এতে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে তিন কোটি ২২লাখ ২১ হাজার ৫০০ টাকা।
বুধবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরাসহ দুই প্রান্ত দিয়ে মোট ২১ হাজার ২৫০টি যানবাহন পারপার হয়েছে। এতে দুই প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে দুট কোটি ৮৬ লাখ ৭২ হাজার ৯০০ টাকা।
মঙ্গলবার ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরাসহ দুই প্রান্ত দিয়ে মোট যানবাহন পারপার হয়েছে ১৯ হাজার ৫৩৩টি। এতে দুই প্রান্ত মিলে ক্যাশ, ক্রেডিট ও ইটিসিসহ মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মাসেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, ঈদযাত্রা আরো নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পদ্মাসেতুতে ইটিসি সুবিধাসহ দুই প্রান্তে সবমিলিয়ে মোট ১৯টি টোল বুথ সার্বক্ষণিক সচল রাখা হয়েছে। এখন পর্যন্ত ঘরমুখো মানুষের যানবাহনের চাপ স্বাভাবিক রয়েছে।
তবে আগামী দু’একদিনের মধ্যে ঘরমুখো যানবাহনের চাপ বেড়ে যেতে পারে বলে তিনি জানান।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশীদ আজ দুপুরে নয়া দিগন্তকে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল কিছুটা বাড়লেও তা চলমান রয়েছে। খানবাড়ী পয়েন্টে মাওয়া টোলপ্লাজামুখী যানবাহনের চাপ নেই।
উল্লেখ্য, গেলো বছরের দুই ঈদকালীন যাত্রার সাতদিনের এক পরিসংখ্যান অনুযায়ী ঈদুল ফিতরে প্রতিদিন গড়ে প্রায় ৩০ হাজার এবং ঈদুল আজহায় সাড়ে ৩৩ হাজার যানবাহন পারাপার করা হয়েছিল। সে সময় ঈদুল ফিতরে দৈনিক গড়ে টোল আদায় হয়েছিলো প্রায় তিন কোটি তিন লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে ঈদুল আজাহার সময় দৈনিক গড়ে টোল আদায় হয়েছিলো প্রায় তিন কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা।



