ফেনী সীমান্তে আরো চার অনুপ্রবেশকারীকে ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ জুলাই) বিকেলে জেলার পরশুরাম উপজেলার কেতরাংগা দিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়।
বিজিবি সূত্র জানায়, রোববার বিকেল ৩টার দিকে পরশুরাম উপজেলার কেতরাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তে একজন নারী ও তিনজন শিশুসহ মোট চারজন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সংবাদ পেয়ে বিজিবির টহল দল সাড়ে ৩টায় শূন্য লাইনের কাছে তাদের শনাক্ত করে। এসময় তাদের প্রতিহত করা হয়।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।’
এর আগে শনিবার একই উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে ছয় নারী ও এক শিশুকে প্রতিহত করা হয়।



