গফরগাঁওয়ে নাতিকে বাঁচাতে গিয়ে দাদা মৃত্যুর ঘটনায় মামলা : গ্রেফতার ১

এ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো: রামিনকে (২২) গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জোর অভিযান চলছে বলে জানান থানার ওসি মো: আমিনুল ইসলাম।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
নিহত নবী হোসেন
নিহত নবী হোসেন |সংগৃহীত

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নে নাতি রানাকে (২০) মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে দাদা নবী হোসেনের (৭৫) মৃত্যুর ঘটনায় পাগলা থানায় মামলা হয়েছে।

গত সোমবার রাতেই নিহতের ছেলে হাইদুল ইসলাম পাগলা থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ-২৭/০৭/২৬)। মামলায় ১৫ জনকে চিহ্নিত এবং ৮/১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এদিকে, এ হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো: রামিনকে (২২) গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জোর অভিযান চলছে বলে জানান থানার ওসি মো: আমিনুল ইসলাম।

গ্রেফতারকৃত মো: রামিন একই ইউনিয়নের হরিপুর হাটপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

মামলায় এজাহার, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) রাত ৮টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের হাটপাড়া গ্রামের শারফুলের ছেলে রানাকে এক মাস আগে একই গ্রামের রবিনের মোবাইল চুরি অভিযোগে স্থানীয় যুবকরা বাড়ি থেকে তুলে আনে। পরে হাটপাড়া বাদল মার্কেটের সামনে‌ একটি পিলারে রানাকে বেঁধে রেখে যুবকরা মারধর শুরু করেন। খবর পেয়ে বৃদ্ধ দাদা নবী হোসেন সেখানে গিয়ে নাতিকে বাঁচাতে চাইলে নবী হোসেনকেও লোহার রড দিয়ে আঘাতসহ কিল-ঘুষি দেয় যুবকরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা রাতেই নবী হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌসুমী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভে সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।