পানি বেড়েছে সাঙ্গু নদীতে, থানচি ভ্রমণে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন

বৈরী আবহাওয়া ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thanchi
বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়েছে
বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়েছে |বাসস

টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলা সদর থেকে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের সাথে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একইসাথে বৈরী আবহাওয়া ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন।

আজ সোমবার সকাল থেকে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারছেন না। ফলে প্রয়োজনীয় কাজে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বাসসকে বলেন, সাঙ্গু নদীর তীব্র স্রোত, পাহাড়ধসের আশঙ্কা এবং বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উপজেলার সব পর্যটনস্থানে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে নৌপথ ও পাহাড়ি এলাকায় যাতায়াত না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান, আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

এছাড়াও যারা আটকা পড়েছেন তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য বার্তা দেয়া হয়েছে।

সূত্র : বাসস