বরিশালের বাবুগঞ্জে সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ শরীফ ওই এলাকার লতিফ শরীফের বড় ছেলে। তার পাঁচ ছেলে ও এক মেয়ে আছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে পায়ে কামড় দেয়। বাড়িতে ফিরে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
পরে স্বজনরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকার জনসাধারণ শোকাহত হয়ে পড়েন। এবং সাপের উপদ্রব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।



