মাদারগঞ্জ( জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলার বাজিতেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক নিয়োগপ্রাপ্ত সার ডিলার মেসার্স এস এন ট্রেডার্সের স্বত্বাধিকারী মনতাজুর আলীকে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আট হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাদারগঞ্জের ইউএনও ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষক আনিস বলেন, ‘সার কেনার জন্য কয়েকবার দোকানে গিয়ে সার পাইনি। পরে শুনতে পাই এখানে বেশি দামে সার পাওয়া যাচ্ছে। তাই বাধ্য হয়ে সার কিনতে এখানে আসি।’
তিনি বলেন, ‘কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যেন নির্ধারিত দামে ও সহজে পাওয়া যায়, প্রশাসনের কাছে আমরা এটাই চাই।’
ইউএনও সুমন বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দামে সার বিক্রি বা কৃষকদের হয়রানি কোনোভাবেই মেনে নেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’



