নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বরকত উল্লাহর ছেলে তানজিল হোসেন(২৫), বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া(২৮), গিয়াস উদ্দিনের ছেলে তপন মিয়া(২৯) ও ইমন মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার(২০)।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক, ওয়ার্ড ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ হয়।’
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’



