বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর সাপের দংশনে মো: রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো: লিটন শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে রাফসান শেখ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। সেখান থেকে ফেরার পথে তাকে একটি বিষধর সাপ দংশন করে। পরে পরিবারের লোকজন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ির কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক দিয়ে ভালো করার চেষ্টা করে।
ভোর ৪টার দিকে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: কে এম মাহমুদ রহমান বলেন, ভোর ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা: সুমন রায় দায়িত্বে ছিলেন। তিনি রোগীর অবস্থা দেখে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম দিতে রাজি না হলে তাদের সম্মতিতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরে হাসপাতালে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয় বলে জানতে পেরেছি।


