পাটগ্রাম পৌর আমিরকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ওই ঘটনার সাথে সংগঠন কিংবা সংগঠনের পৌর আমির সোহেল রানার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল নিজেদের নীল নকশা বাস্তবায়নের জন্য অপচেষ্টা চালাচ্ছে।

আমিনুর রহমান বাবুল, পাটগ্রাম (লালমনিরহাট)

Location :

Patgram
জামায়াতের পাটগ্রাম উপজেলা শাখার সংবাদ সম্মেলন
জামায়াতের পাটগ্রাম উপজেলা শাখার সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়ার ঘটনায় জামায়াতের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখা।

বুধবার (৩ জুন) বিকেলে শহরের একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, রাশিয়ার সেনাবাহিনীর হাতে চার যুবকের আটকা পড়ার ঘটনায় জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পৌর আমির সোহেল রানাকে জড়ানোর গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে একটি প্রভাবশালী মহল। আমরা এই ষড়যন্ত্র ও অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ওই ঘটনার সাথে সংগঠন কিংবা সংগঠনের পৌর আমির সোহেল রানার ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল নিজেদের নীল নকশা বাস্তবায়নের জন্য দলগত ও ব্যক্তিগত ফায়দা হাসিল এবং সোহেল রানাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছে। কিন্ত তাদের এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন হবে না।

সামাজিকমাধ্যমে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ার ঘটনার উল্লেখ করে উপজেলা সেক্রেটারি বলেন, ওই কল রেকর্ডের কথোপকথন শুনলে স্পষ্ট বোঝা যায়, স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের কিছু ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে সোহেল রানাকে পরিকল্পিতভাবে অপদস্ত করার উদ্দেশ্যে পরিকল্পনা অনুযায়ী প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। শুধু তাই নয় তারা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকেও প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি জোর দিয়ে বলেন, সোহেল রানা একজন মানবিক নিষ্ঠাবান ও দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী।

উপজেলা সেক্রেটারি বলেন, পাটগ্রাম উপজেলার চার যুবকসহ সারাদেশের ৩০ বাংলাদেশী নাগরিক, যারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছেন তাদের নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহরাব আলী, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন বেলাল, ওলামা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, পৌর সেক্রেটারি মিরু হাসান, পৌর যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।