কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন শিশুর নানা পর্তুগালপ্রবাসী আনোয়ার হোসেন শিহাব।
জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতবাড়িয়া দাতামা গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী সুমাইয়া আক্তার তার শিশুসন্তান তাবাসসুম সুলতানাকে নিয়ে এক মাস আগে উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে বাবার বাড়িতে যান। মঙ্গলবার দুপুরে নানার বাড়িতে খেলার ছলে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাবাসসুম। কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধারের পর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে নানার বাড়ি ও নিজ বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
পর্তুগালপ্রবাসী আনোয়ার হোসেন শিহাব মঙ্গলবার বিকেলে বলেন, ‘আদরের নাতনি বেড়াতে এসে আমার বাড়িতেই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। এই ভারী দুঃখ কীভাবে সইব? আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’



