মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
শনিবার (৩০ মে) সদর উপজেলার দাদশী বাজারে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় 'মাদককে না বলুন' স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার শেখ, অন্তত সরকার, সাংবাদিক সরদার রাজিব, শিক্ষক মো: রুবেল, যুবনেতা সাগর সরদারসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেই। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।



