মুন্সীগঞ্জ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে কমপক্ষে ২৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দলীয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সদর, টঙ্গিবাড়ী, শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং ও গজারিয়া উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন।
জেলার ছয়টি উপজেলা সদর, বাজার এলাকা ও দলীয় পয়েন্টগুলোতে গত কয়েক দিন ধরেই চলছে প্রস্তুতি। মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় বাসের পাশাপাশি নানা ধরনের পরিবহনে করে অংশ নিতে যাচ্ছেন নেতাকর্মীরা। পেশাগত কারণে ঢাকায় বসবাসরত অনেক বিএনপি নেতাকর্মী সরাসরি সেখান থেকেই সমাবেশে পৌঁছাবেন।
ঢাকায় অবস্থানরত মুন্সীগঞ্জ বিএনপির কর্মী রাসেল ঢালী বলেন, ‘আমরা জেলার রাজনীতির সাথে যুক্ত থাকলেও কাজের প্রয়োজনে ঢাকায় থাকি। তাই আলাদা করে যাত্রা না করে ঢাকার ভেতর থেকেই সংবর্ধনায় অংশ নেব।’
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন জানান, শুধু টঙ্গিবাড়ী উপজেলা থেকেই ৪০ থেকে ৫০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। পুরো জেলা মিলিয়ে অংশগ্রহণকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়াতে পারে। অনেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও সমাবেশে যাবেন।
জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন বলেন, ‘ঢাকা কাছাকাছি হওয়ায় সবার জন্য বাসের ওপর নির্ভর করতে হচ্ছে না। কাঞ্চন ব্রিজ হয়ে ৩০০ ফিট এলাকা দিয়ে যাতায়াতের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন, তাতে ঠিক কতজন উপস্থিত হতে পারবেন, তা আগে ভাগে বলা কঠিন। তবে মুন্সীগঞ্জ সদর থেকেই কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছি।’
পরিবহন খাতেও এ কর্মসূচির প্রভাব পড়েছে। বেতকা পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নুর হোসেন সরদার বলেন, ‘দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন পয়েন্ট থেকে বাসভাড়া নেয়া হচ্ছে। আমাদের পরিবহনের ১৫ থেকে ২০টি বাস ভাড়া হতে পারে বলে ধারণা করছি।’



