সিলেটে হাউজিং এস্টেটে ছিনতাইয়ের ঘটনায় ডাকাত গ্রেফতার

হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি সেই রশিদ আলী ডাকাত।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে হাউজিং এস্টেটে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ
সিলেটে হাউজিং এস্টেটে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

সিলেট নগরীর আলোচিত হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রশিদ আহমদ ওরফে রশিদ আলী ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলোচিত এই ডাকাত সিলেট জেলার কানাইঘাট থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃত রশিদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি সেই রশিদ আলী ডাকাত।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকার সড়কে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনটি মোটরসাইকেলে এসে ৬ জন হেলমেটধারী সশস্ত্র যুবক অটোরিকশাটি থামিয়ে যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি এসে অটোরিকশার গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। কিছুক্ষণ টানাহেঁচড়ার পর ব্যাগটি নিয়ে মোটরসাইকেল আরোহীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এ সময় অটোরিকশা থেকে নেমে ছিনতাইয়ের শিকার ওই নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ইয়াসমিন আক্তার এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি অটোরিকশা থামিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে ১৫-২০ হাজার টাকা, স্বাক্ষর করা কয়েকটি চেকপাতা, আইফোন ও এটিএম কার্ড ছিল।

পরে ছিনতাইকারীরা ব্যাগ থেকে টাকা নেয়ার পর আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে যায় বলে জানা গেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মুহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দুপুরে নয়া দিগন্তকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।