ঠাকুরগাঁওয়ের প্রতিটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাদকবিরোধী সংগঠন ‘আলোর পথ’-এর নেতারা। তারা দৃঢ়কণ্ঠে বলেন, কোনো শান্তিকামী, বিবেকবান ও সচেতন মানুষ মাদককে সমর্থন করে না। আমাদের সন্তান, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ভালো রাখতে হলে অবশ্যই ধ্বংসাত্মক মাদকের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এজন্য ঠাকুরগাঁওয়ের প্রতিটি মাদকের আস্তানা খুঁজে বের করে তা গুঁড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার (১০ জুলাই) সকালে, ঠাকুরগাঁও শহরের সালন্দর মাদরাসা পাড়ায় প্রতিষ্ঠিত মাদকবিরোধী সংগঠন ‘আলোর পথ’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন ‘আলোর পথ’-এর সভাপতি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা রবিউল আউয়াল, উপদেষ্টা সাংবাদিক এমদাদুল হক ভুট্টো প্রমুখ।
এর আগে সকাল সাড়ে এগারোটায় সালন্দর কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠ হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে গোলচত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে গত এক বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় মাদকবিরোধী সংগঠন ‘আলোর পথ’। ইতোমধ্যে এ সংগঠনের ব্যানারে মাদকবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছেন সংশ্লিষ্টরা।



