নলডাঙ্গায় এক রাতে ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক

সকালে মাঠে গিয়ে দেখি খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলসগুলো পড়ে আছে। ধানের দাম কমায় ধান চাষের খরচের টাকাই উঠবে কি-না এই দুশ্চিন্তায় আছি। এর মধ্যে আবার ট্রান্সফরমার চুরি হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
চুরি হওয়া ছয়টি ট্রান্সফরমারের খোলস
চুরি হওয়া ছয়টি ট্রান্সফরমারের খোলস |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক রাতেই ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কারণ আগামী মৌসুমে কৃষকদের নিজস্ব টাকা দিয়ে নতুন ট্রান্সফরমার কিনতে হয়।

শনিবার (২ মে) রাতে নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে স্থাপিত গভীর ও অগভীর নলকূপের সংযোগ থেকে রাতের অন্ধকারে সঙ্ঘবদ্ধ চোর চক্র একে একে ছয়টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা হলেন— দুর্লভপুর গ্রামের মো: ইয়াদ আলী মন্ডল, মো: সুলতান আলী সরদার, মো: জরুল ইসলাম সুরুজ ও মো: মিলন প্রামাণিক। এছাড়া একই গ্রামের মো: আফসার আলী খানের দু’টি ট্রান্সফরমারও চুরি হয়েছে।

ভুক্তভোগী কৃষক মো: মিলন প্রামাণিক ও মো: জহুরুল ইসলাম বলেন, সকালে মাঠে গিয়ে দেখি খুঁটিতে ট্রান্সফরমার নেই, শুধু খোলসগুলো পড়ে আছে। ধানের দাম কমায় ধান চাষের খরচের টাকাই উঠবে কি-না এই দুশ্চিন্তায় আছি। এর মধ্যে আবার ট্রান্সফরমার চুরি হওয়ায় আর্থিকভাবে ক্ষতির মধ্যে পড়েছি। কারণ আগামী মৌসুমের শুরুতে আবারো টাকা দিয়ে এই ট্রান্সফরমার নিতে হবে। প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন চোরদের দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নলডাঙ্গা জোনাল অফিসের এজিএম মো: আবু তাহের জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি আমরা জেনেছি। ওই এলাকায় বিদ্যুৎ কর্মীদের পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে থানায় মামলা করা হবে। ভুক্তভোগী গ্রাহকদের থানায় জিডি করতে হবে।

তিনি আরো জানান, নিয়ম অনুসারে আগামী মৌসুমে কৃষকদের যথারীতি টাকা জমা দিয়ে নতুন ট্রান্সফরমার নিতে হবে। আর এ মৌসুমে এ পর্যন্ত ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে এবং নলডাঙ্গা থানায় প্রতিটি চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরে আলম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ধরনের চোর চক্রকে ধরতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।