রাজাপুরে মাদক সেবনের অভিযোগে ৩ জন গ্রেফতার

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের হালদারখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Rajapur
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে মাদক নির্মূলে পুলিশ এক নতুন ও কার্যকর কৌশল গ্রহণ করেছে, যার আওতায় সন্দেহভাজনদের গ্রেফতারের পর বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করানো হচ্ছে। এই কার্যক্রমের আওতায় সম্প্রতি মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের হালদারখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মরহুম আ: ছত্তার হাওলাদারের ছেলে মো: আল আমিন (৫১), মরহুম আনছার হাওলাদারের ছেলে মো: ইমরান হাওলাদার (৩৫) ও সৈয়দ রিপনের ছেলে সৈয়দ লিমন (২০)। তাদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকায়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল হালদারখালী বাজারের সিফাত স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে ধাওয়া করে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের নেশাগ্রস্ত সন্দেহ হওয়ায় তাদের ডোপ টেস্ট করানো হলে রিপোর্টে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের প্রমাণ পাওয়া যায়।

ডোপ টেস্ট রিপোর্ট অনুযায়ী, মো: আল আমিনের শরীরে অ্যামফেটামিন, মারিজুয়ানা, মেথামফেটামিন ও এমডিএমএ’র উপস্থিতি পাওয়া যায়। মো: ইমরান হাওলাদারের শরীরে অ্যামফেটামিন, মারিজুয়ানা ও মেথামফেটামিন এবং সৈয়দ লিমনের শরীরে অ্যামফেটামিন, মেথামফেটামিন ও এমডিএমএ শনাক্ত হয়।

থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, মাদক সেবন করে এলাকায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি বিনষ্ট করায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।