ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাসে এক নারীকে উত্যক্ত করার দায়ে রাসেল আহমেদ (৩২) নামে এক বখাটেকে পাঁচ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত যুবক রাসেল কিশোরগঞ্জ সদর উপজেলার মুকছুদপুর এলাকার ফজলুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন গাড়ি চালক।
ঢাকার মহাখালী থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার থেকে রাসেল যাত্রীবেশে গাড়িতে ওঠেন। বাসে ওঠার পর থেকেই তিনি এক নারী যাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকেন।
বাসটি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাইপাস সংলগ্ন এলাকায় পৌঁছালে ভুক্তভোগী ওই নারী রাস্তায় টহলরত পুলিশের গাড়ি দেখে চিৎকার শুরু করেন। এ সময় পুলিশ বাসটির গতি রোধ করে রাসেলকে আটক করে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর ঘটনার সত্যতা সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাসেলকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
রিফাত জাহান জানান, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের এমন অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, সাজাপ্রাপ্ত বখাটেকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।



