সিকৃবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে ডুবে মো: রায়হান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিকৃবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
সিকৃবি ক্যাম্পাসের পুকুরে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু |নয়া দিগন্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসের পুকুরে ডুবে মো: রায়হান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে ডান পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কিশোর রায়হান নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের বালুচর নতুনবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রায়হান চার-পাঁচজন বন্ধুর সাথে পুকুরে গোসল করতে নামে। সাঁতার কাটতে কাটতে একসময় পুকুরের মাঝামাঝি স্থানে গিয়ে হঠাৎ সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এসময় সে নিচের দিকে তলিয়ে যেতে থাকে। সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করা হলে স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং পুকুরে নেমে তাকে খুঁজতে থাকেন। বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সহযোগিতায় রায়হানকে পুকুর থেকে উদ্ধার করে। তবে ততক্ষণে সে মারা গেছে বলে নিশ্চিত করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নিরাপত্তা কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ৩ ঘণ্টা পরে রায়হানকে খুঁজে পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির শাহপরান (র.) থানার ওসি মো: ফেরদৌস আহমেদ বলেন, ‘ছেলেটি ওইখানে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার পরিবারের কাছে ইতিমধ্যে লাশ হস্তান্তর করেছে।’