কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মরহুম মোবারক আলীর ছেলে। তিনি তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত।
কলেজ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রোববার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভেতরে কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ (শুক্রবার) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
অধ্যক্ষ মো: ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ মার্চ কলেজে ক্লাস নিয়েছেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন বলেন, ‘দরজা ভেতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকার ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। কী কারণে, কিভাবে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’



