যুবককে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তুষারকে আটক করা হয়। পরে কয়েকজন ব্যক্তি তাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে পেটাতে শুরু করে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
নির্যাতনের একটি পর্যায়
নির্যাতনের একটি পর্যায় |সংগৃহীত

রাজশাহীতে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত একজনকে গ্রেফতার করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (২৫)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, একটি বাসার জানালার থাইগ্লাস চুরির সন্দেহে তুষারকে আটক করা হয়। পরে কয়েকজন ব্যক্তি তাকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে পেটাতে শুরু করে।

রোববার (১০ মে) ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তুষারকে। আর তার ওপর একের পর এক আঘাত হানছে কয়েকজন যুবক। কখনো বাঁশ, কখনো মোটা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হচ্ছে তাকে। একটি বাঁশ ভেঙে গেলে আরেকটি এনে শুরু হচ্ছে নতুন করে প্রহার।

ভিডিওতে শোনা যায়, যন্ত্রণায় কাতর তুষার বারবার চিৎকার করে বলছেন, ‘ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব না...।’ কিন্তু তার সেই আর্তনাদেও মন গলেনি অভিযুক্তদের। আকুতি মিনতি করলেই আঘাতের তীব্রতা যেন আরো বাড়তে থাকে।

স্থানীয়দের ভাষ্যমতে, হৃদয় নামের এক যুবক নির্যাতনের পুরো ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিল। ভিডিওতে দেখা যায়, তুষার বারবার তার কাছেই করুণা চাইছিলেন। কিন্তু সেই মুহূর্তেও কেউ এগিয়ে আসেনি ভুক্তভোগীকে রক্ষায়।

এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় অনেকেই বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেয়া উচিত। নিজের হাতে আইন তুলে নিয়ে একজন মানুষকে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন। শুধু তাই নয়, এটি একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত।

একটি সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে রয়েছে আশিক, মাহিন ও মানিক। আর ভিডিও ধারণকারী যুবকের নাম হৃদয়।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানতে চাইলে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তবে একটি জরুরি মিটিংয়ে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।