ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ র‍্যাবের হাতে আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সাধুর গোলায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় শ্যামল ছায়া নামে একটি বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ও সাজমনিকে আটক করা হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
মাদকসহ দু’জন র‌্যাবের হাতে আটক
মাদকসহ দু’জন র‌্যাবের হাতে আটক |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা ও ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল হাসান (২২) ও সাজমনি আক্তার (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জে শ্যামল ছায়া পরিবহনের বাস থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জনই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ছয় হাজার টাকা ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৮১ হাজার টাকা।

র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সাধুর গোলায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় শ্যামল ছায়া নামে একটি বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ও সাজমনিকে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। রবিউলের দেয়া তথ্য অনুযায়ী বাসের যাত্রীদের মালামাল রাখার বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে সাজমনি আক্তারের শরীর তল্লাশি করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।