পঞ্চগড়ে দেবীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের উদ্যোগে নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার লক্ষ্যে এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মহড়াটি ২৯ বীর-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
যৌথ মহড়ায় সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসারের সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে নির্বাচনের সময় সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাহিনীগুলোর প্রস্তুতি, সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যাচাই করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের মেজর শেখ সালেহ, ক্যাপ্টেন সাকিব ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শামছুল কবির।
তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীগুলো সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যৌথ মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে।



