দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় মাদকাসক্ত ইমন মিয়ার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ভুক্তভোগী আলম মিয়া এক চোখ অন্ধ হয়ে বর্তমানে শের-ই-বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে মোকাম কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতে ৪ জনকে আসামি করে গত ১ জুলাই একটি মামলা দায়ের করেন।
শুক্রবার (১০ জুলাই) দিবাগত গভীর রাতে দাউদকান্দি মডেল থানা নিয়ন্ত্রিত গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ জিংলাতলী গ্রামের মরহুম সুলতান মিয়ার ছেলে আসামি মো: আলম ও তার স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেফতার করে দুপুরে কুমিল্লা কোর্টে পাঠালে কোর্ট তাদেরকে জেলহাজতে পাঠায়।
এদিকে গ্রেফতার এড়িয়ে পলাতক রয়েছে ১নম্বর আসামি আলমের ছেলে ইমন ও ৪নম্বর আসামি সোহেল মিয়া।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ জুন রাতে ইমন তার ঘরে ইয়াবা সেবনকালে প্রতিবেশী আউয়াল মিয়ার ছেলে প্রবাস থেকে সদ্য দেশে আসা আলম মিয়া সহ অন্যান্য লোকজন ইমনসহ ঘরটি ঘেরাও করে। এ সময় ইমন ধারালো অস্ত্র দিয়ে তার চোখে আঘাত করে পালিয়ে যায়।
চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত আহত আলম বর্তমানে শের-ই-বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ডাক্তার বলেছেন, তার ডান চোখে আর আলো ফিরে আসবে না।
এদিকে ইমন সহ অন্য আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সম্প্রতি এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে।



