গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একব্যক্তি গ্রেফতার

গ্রেফতার হিরা মিয়া সিলেট সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন খাদিম বিআরটিসি মির মহল্লার মো: আব্দুল জব্বারের ছেলে।

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Golapganj
গ্রেফতার হিরা মিয়া
গ্রেফতার হিরা মিয়া |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে মো: হিরা মিয়া (৪৫) নামে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে কানাইঘাটের রাজাগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক অ্যাজেন্ট শাখায় নিয়ে যাওয়ার সময় ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২০ মে) তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক জেলহাজতে পাঠানো নির্দেশ দেন।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হিরা মিয়া সিলেট সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন খাদিম বিআরটিসি মির মহল্লার মো: আব্দুল জব্বারের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, আন্তঃজেলা ছিনতাই ও ডাকাতি চক্রের সদস্য মো: হিরা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে সিলেটের কানাইঘাট রাজাগঞ্জ বাজার ইসলামী ব্যাংকের অ্যাজেন্ট শাখার কর্মী হাফিজ মুহাম্মদ আলী (৬০) ও আবু ছাফওয়ান তামিক (২১) ব্যাংকের গোলাপগঞ্জ শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন। তারা সেই টাকা একটি স্কুলব্যাগে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ব্যাংকের অ্যাজেন্ট শাখার উদ্দেশে রওনা দেন। বিকেল ৩টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন আনসার ক্যাম্পের সামনে পৌঁছলে দুইদিক থেকে তিনটি মোটরসাইকেলে ছয় ছিনতাইকারী তাদের অটোরিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা ধারালো দা দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে সিলেট শহরের দিকে পালিয়ে যায়।

এ ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তাৎক্ষণিৎ পুলিশকে অবহিত করা হয়। পরে অ্যাজেন্ট ব্যাংকের পরিচালক মুশাহিদ আলী চৌধুরী গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং প্রায় এক সপ্তাহ ধরে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় থেকে তাকে গ্রেফতার করে।