সিলেটে নিখোঁজের পাঁচ দিন পর নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে শাকিল আহমদ রাসেল (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
শাকিল নওগাঁ জেলার সদর থানার সুলতানপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে। তার শ্বশুর বাড়ি সিলেটের মোগলাবাজার এলাকায়।
কদমতলি ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুল ইসলাম জানান, শাকিল একটি ওয়ার্কশপে কাজ করতেন ও শ্বশুরবাড়িতে থাকতেন। তিনি নেশা করতেন এবং প্রায়ই এভাবে লাপাত্তা হয়ে যেতেন। পাঁচদিন আগে এভাবে তিনি নিখোঁজ হন। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা দরিয়া শাহ মাজারের পাশে একটি পরিত্যক্ত ঘরে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর সেটি শাকিলের বলে শনাক্ত করে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত হচ্ছে, রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’



